দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৬

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় হাইওয়ে পুলিশ বক্সের সামনে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস, শিক্ষক, সাংবাদিক, পরিবহন ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ, জেলা ট্রাফিক বিভাগের দাউদকান্দি জোনের ট্রাফিক ইন্সপেক্টর মো. ফারুক হোসেন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুউদ্দিন এবং দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এশরাদ হুসাইন।

এ ছাড়া বক্তব্য দেন এপিআই মতিন সৈকত, নিসচার সাধারণ সম্পাদক মো. আবুল হাসান ফারুক, পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. শেলিনা আক্তারসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন মেনে চলার বিকল্প নেই। চালক, যাত্রী ও পথচারীসহ সড়ক ব্যবহারকারী প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্ধারিত গতিসীমা মেনে চলা, গাড়ি চালানোর সময় মুঠোফোন ব্যবহার না করা এবং দক্ষ ও প্রশিক্ষিত চালক নিশ্চিত করা জরুরি।

তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে যানবাহনের ফিটনেস নিশ্চিত করা, সড়কের অব্যবস্থাপনা দূর করা এবং ট্রাফিক আইন কার্যকরভাবে প্রয়োগ করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সড়ককে নিরাপদ করে তোলা সম্ভব।

বক্তারা নিরাপদ সড়ক চাই আন্দোলনের ইতিহাস তুলে ধরে বলেন, জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন ১৯৯৩ সালের ২২ অক্টোবর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। এরপর একই বছরের ১ ডিসেম্বর ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সামাজিক আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। দীর্ঘদিন ধরে সংগঠনটি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে।

তারা জানান, ২০১৭ সালের ৫ জুন সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করে। পরবর্তী সময়ে ২০১৮ সাল থেকে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে আসছে।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে নিরাপদ সড়ক চাই, দাউদকান্দি উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, দাউদকান্দি মডেল থানা, জেলা ট্রাফিক পুলিশ, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র, দাউদকান্দি ফায়ার সার্ভিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া বিভিন্ন পরিবহন ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ র‍্যালিতে অংশ নিয়ে নিরাপদ সড়কের পক্ষে সচেতনতার বার্তা দেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বাড়বে এবং সম্মিলিত প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব হবে।