দাউদকান্দি গৌরীপুর বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬

দাউদকান্দি গৌরীপুর বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

​দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

​কুমিল্লার দাউদকান্দি উপজেলার ব্যস্ততম গৌরীপুর বাজারে অবৈধ দখল, লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা এবং মানহীন শিশু খাদ্য বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৭ অক্টোবর) পরিচালিত এ বিশেষ ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাহিদ আহমেদের নেতৃত্বে গৌরীপুর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।

​অভিযানকালে লাইসেন্স না থাকা এবং ফুটপাত ও সড়ক দখল করে মালামাল বিক্রির দায়ে আফগানী ড্রাইনকে ৫,০০০ টাকা,​মাস্টার পোল্ট্রি ফিডকে ২,০০০ টাকা,​প্রশান্ত ট্রেডার্সকে ২,০০০ টাকা,​মালেক স্টোরকে ২,০০০ টাকা এবং ​মেসার্স মদিনা ট্রেডার্সকে২,০০০ টাকা জরিমানা করা হয়।

​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ জানান,লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করা এবং বাজারের সাধারণ মানুষের চলাচলের রাস্তা অবৈধভাবে দখল করে মালামাল রেখে কেনাবেচা করার অপরাধে ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইনে এ জরিমানা করা হয়েছে। বাজারের শৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

​অভিযান পরিচালনাকালে গৌরীপুর ভূমি অফিসের কর্মকর্তা মহিউদ্দিন,গৌরীপুর বাজার কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রশাসনকে সহযোগিতা করেন।