সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে ডিকে হাসপাতালের সংবাদ সম্মেলন দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৬ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে ডিকে হাসপাতালের সংবাদ সম্মেলন দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ডিকে হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার (২৬ অক্টোবর) হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু ব্যাখ্যা তুলে ধরেন কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২২ অক্টোবর গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের এক শিক্ষক ডিকে হাসপাতালে সেবা নিতে আসেন। এ সময় সেবার চার্জ নিয়ে তাঁর সঙ্গে রিসিপশনে সামান্য ভুল বোঝাবুঝি হয়। পরে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তাৎক্ষণিকভাবে সমাধান করা হয় এবং শিক্ষক সন্তুষ্ট হয়ে হাসপাতাল ত্যাগ করেন। কর্তৃপক্ষের দাবি, মীমাংসিত ওই ঘটনাকে কেন্দ্র করে গোপনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে হাসপাতাল ও সংশ্লিষ্ট নারী রিসিপশনিস্টের মানহানি করা হচ্ছে। এ ধরনের প্রচারণাকে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৩ সালের জানুয়ারিতে দাউদকান্দি, মেঘনা, তিতাস ও মতলব এলাকার মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ডিকে হাসপাতাল কার্যক্রম শুরু করে। স্থানীয় পর্যায়ে আধুনিক চিকিৎসা, রোগ নির্ণয়, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও অস্ত্রোপচার সেবা দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে বলে দাবি করেন কর্তৃপক্ষ। এ সময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, সুস্থ প্রতিযোগিতাকে তাঁরা স্বাগত জানান, তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার কাম্য নয়। ভবিষ্যতেও রোগীদের আধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট শিক্ষক কামরুজ্জামান,চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দীন সহ হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। SHARES দাউদকান্দি বিষয়: