টঙ্গীতে সাত বছর বয়সী ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬ টঙ্গীতে সাত বছর বয়সী ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হওয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মোসলিম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর সোমবার টঙ্গীর একটি মাদরাসার নিচতলার সিঁড়িতে প্রথম শ্রেণির ওই ছাত্রীটিকে যৌন নিপীড়নের ঘটনা ঘটে। ঘটনার পর শিশুটি মানসিকভাবে ভেঙে পড়ে এবং মাদরাসায় যেতে অস্বীকৃতি জানায়। পরিবারের সদস্যরা বারবার কারণ জানতে চাইলে প্রথমে সে ভয়ে কিছু বলতে না চাইলেও পরবর্তীতে মা-বাবার জিজ্ঞাসাবাদের মুখে পুরো বিষয়টি খুলে বলে। এরপর গত ২১ অক্টোবর দুপুরে শিশুটির স্বজনেরা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন এবং একপর্যায়ে ওই শিক্ষককে মারধর করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। গত বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের সামনে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়। এছাড়া পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে বলে জানিয়েছে। রোববার দুপুরে আদালতে অভিযুক্ত শিক্ষকের জামিন শুনানি অনুষ্ঠিত হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। SHARES অপরাধ বিষয়: