অস্ত্র-মাদক দমনে দেশসেরা কুমিল্লা জেলা পুলিশ আইজিপির হাত থেকে ১ম পুরস্কার পেলেন এসপি আনিসুজ্জামান পিপিএম

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬
অস্ত্র-মাদক দমনে দেশসেরা কুমিল্লা জেলা পুলিশ আইজিপির হাত থেকে ১ম পুরস্কার পেলেন এসপি আনিসুজ্জামান পিপিএম
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা ||
অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে সারাদেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশ। এ অর্জনের স্বীকৃতি হিসেবে কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমকে ১ম পুরস্কার প্রদান করা হয়েছে।
গত শনিবার (২৯ আগস্ট) ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ সভায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির কুমিল্লা জেলা পুলিশের এ সাফল্যের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের হাতে পুরস্কার তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে কুমিল্লা জেলা পুলিশের ধারাবাহিক কার্যক্রম বিবেচনায় এ সম্মাননা দেওয়া হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের কার্যক্রমও এ স্বীকৃতির অন্যতম কারণ।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম বলেন, “এই অর্জন পুরো জেলা পুলিশের টিমওয়ার্কের ফল। এ ধরনের স্বীকৃতি আমাদের কাজের গতি আরও তরান্বিত করে। কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের পাশাপাশি কুমিল্লাবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়।
জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পুলিশ সুপার বলেন, “এমন অর্জনের নেপথ্যে রয়েছে কুমিল্লার জনগণ ও জনপ্রতিনিধিবৃন্দ। তাদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।”
তিনি বলেন, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো ও স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।
কুমিল্লা জেলা পুলিশের এ অর্জনকে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও ধারাবাহিক অভিযানের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। পুলিশের এ সাফল্যে জেলা পুলিশের সদস্যদের মধ্যে আরও উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।