দাউদকান্দিতে শিক্ষার্থীদের ব্যতিক্রমী শপথ, মাদক- কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে ‘না’

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬
দাউদকান্দিতে শিক্ষার্থীদের ব্যতিক্রমী শপথ, মাদক- কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে ‘না’
রাসেল সুমন ||
এক হাতে সবুজ গাছের চারা, অন্য হাতে লাল কার্ড। সেই লাল কার্ড উঁচিয়ে মাদক, কিশোর অপরাধ, সামাজিক অবক্ষয় ও স্মার্টফোনের অপব্যবহারকে ‘না’ বলেছে কুমিল্লার দাউদকান্দির একদল শিক্ষার্থী। একই সঙ্গে উন্নত চরিত্র গঠন, সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করার শপথ নিয়েছে তারা।
রবিবার (৬ সেপ্টেম্বর) দাউদকান্দি উপজেলার চরগোয়ালী খন্দকার নাজির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ, সচেতনতামূলক আলোচনা সভা ও চরিত্র গঠনের শপথ অনুষ্ঠানে এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ মাহবুবুল আলম সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক চন্দ্র দেবনাথ, শিক্ষক তফাজ্জল হোসেন সরকার, শিক্ষানুরাগী মোঃ সিরাজুল ইসলাম ভূঁইয়া, সমাজসেবক হযরত আলী মুন্সী, নিসচার দাউদকান্দি শাখার সাংগঠনিক সম্পাদক নারায়ন বনিক, লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাঃ আশরাফ উদ্দিন নিলয়, সাংগঠনিক সম্পাদক এমএসআই ফরিদ ভূঁইয়া, মালিগাঁও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ বিল্লাল হোসেন, সংগঠনের দাউদকান্দি শাখার সাধারণ সম্পাদক দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফ, রেদওয়ান আহমেদ, শাকিল ও হিমেলসহ অন্যরা।
অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল শিক্ষার্থীদের ব্যতিক্রমী শপথ গ্রহণ। এক হাতে গাছের চারা এবং অন্য হাতে লাল কার্ড তুলে শিক্ষার্থীরা মাদক, কিশোর অপরাধ, সামাজিক অবক্ষয় ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকার করে।
পরে প্রধান অতিথি ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে থাকা, স্মার্টফোনের সঠিক ব্যবহার এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার শপথ পাঠ করান।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই তাদের মাদক, কিশোর অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকতে হবে। শুধু ভালো ফলাফল করলেই হবে না, একজন ভালো মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে।”
তিনি বলেন, পরিবার, শিক্ষক ও সমাজের প্রতি দায়িত্বশীল হয়ে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থেকে পড়াশোনা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে মনোযোগী হওয়ার জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা তৈরি, পরিবেশ রক্ষা, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং কিশোর অপরাধ প্রতিরোধে এমন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।