দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৩৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১ দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৬ দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৩৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বিশেষ প্রতিনিধি, দাউদকান্দি: কুমিল্লার দাউদকান্দিতে মডেল থানা পুলিশের এক সফল অভিযানে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন এবং ৩৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ইয়াবা বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান। শুক্রবার (০৯ অক্টোবর) রাত ২টা ১০ মিনিটে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশ টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে এক বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। অভিযানকালে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিকালে চালকের আসনের নিচে লুকিয়ে রাখা অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন পাওয়া যায়। পরবর্তীতে পিকআপ ভ্যানের বডির ওপরের অংশের স্টিলের পাত কেটে বিশেষ কায়দায় তৈরি গোপন স্থান থেকে ৩৩টি জ্যামিতি বক্স উদ্ধার করা হয়। উক্ত জ্যামিতি বক্সগুলোর ভেতর ১৮০টি প্যাকেটে সুকৌশলে লুকিয়ে রাখা ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ করে পুলিশ। অভিযানে আটককৃত চালকের নাম মোঃ জাকারিয়া ইদ্রীস (৪৫)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার নীলা এলাকার (পোস্ট: রাঙ্গাখালী) মৃত শফিকুর রহমানের ছেলে। দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, ইয়াবা ও অস্ত্র পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকের বিষয়ে আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। SHARES অপরাধ বিষয়: