দাউদকান্দিতে নিসচার উদ্যোগে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মসূচি, কুইজ ও লিফলেট বিতরণ। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৬ দাউদকান্দিতে নিসচার উদ্যোগে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মসূচি, কুইজ ও লিফলেট বিতরণ। রাসেল সুমন , দাউদকান্দি।। কুমিল্লার দাউদকান্দিতে শিক্ষার্থীদের ট্রাফিক আইন, সড়ক সংকেত ও নিরাপদে রাস্তা পারাপারের নিয়ম শেখালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে এ সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে বুধবার সকাল ১০টায় উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেয়। নিসচার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউএনও মো. জাকির হোসেন শিক্ষার্থীদের সড়কে চলাচলের বিভিন্ন নিয়ম ও সতর্কতা সম্পর্কে ধারণা দেন। তিনি নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ব্যবহার, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সড়কে অসতর্কতা পরিহার করে নিজের ও অন্যের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা ট্রাফিক বিভাগের টিএসআই মো. সুমন ট্রাফিক আইন ও সড়ক সংকেত সম্পর্কে শিক্ষার্থীদের পাঠদান করেন। এ সময় ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং পথচারী হিসেবে দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়। চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা এবং ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমে সড়ক দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব বলে আলোচনায় উল্লেখ করা হয়। নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেনের উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা সম্পর্কে সঠিক ধারণা দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীরা নিজের পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করতে পারবে। আলোচনা শেষে সড়ক নিরাপত্তাবিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে উপহার বিতরণ করা হয়। পরে গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন নিসচার সদস্যরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রবিউল, পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. শেলিনা আক্তার, নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবুল হাসান ফারুক, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক আহনাফ তিহামী, কার্যনির্বাহী সদস্য মো. ইকরামুল হাসান ও মো. ফয়সাল সিকদার এবং সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজিব হোসেন জয়, মো. কাওসার আলমসহ অন্যান্যরা। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। SHARES দাউদকান্দি বিষয়: