দাউদকান্দিতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও পানি বিতরণ

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৬

দাউদকান্দিতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও পানি বিতরণ

রাসেল সুমন , দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দি পৌরসভায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে কুমিল্লা উত্তর জেলা ও দাউদকান্দি পৌর ছাত্রদল। ২৬ এপ্রিল ২০২৬, রবিবার বেগম আমেনা সুলতান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে সুপেয় পানি ও কলম বিতরণ করা হয়।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির এবং দাউদকান্দি পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. রাসেল মিয়ার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। তীব্র গরমের মধ্যে পরীক্ষার্থীদের স্বস্তি দিতে এবং তাদের মনোবল বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
জানা গেছে, এদিন বেগম আমেনা সুলতান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রায় ৪০০ জন পরীক্ষার্থীর হাতে পানির বোতল ও কলম তুলে দেওয়া হয়। কেন্দ্রের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে এই উপকরণগুলো বিতরণ করেন।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির বলেন, “পরীক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। সাধারণ শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে ছাত্রদল অতীতেও পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। তীব্র গরমে পরীক্ষার্থীরা যাতে সুস্থ মনে পরীক্ষা দিতে পারে, সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
দাউদকান্দি পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. রাসেল মিয়া বলেন, “আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছি। আজকে ৪০০ পরীক্ষার্থীর মাঝে পানি ও শিক্ষা উপকরণ পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত।”
বিতরণকালে জেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ছাত্রদলের এমন মানবিক ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীরা।