দাউদকান্দিতে দুটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: ৬ মাসের মধ্যে চালু হচ্ছে শহীদনগর ট্রমা সেন্টার

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২৬

দাউদকান্দিতে দুটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: ৬ মাসের মধ্যে চালু হচ্ছে শহীদনগর ট্রমা সেন্টার

​রাসেল সুমন দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি কুমিল্লার দাউদকান্দিতে দুটি হাসপাতাল পরিদর্শন করেছেন। ২৫ মে ২০২৬ সোমবার বিকেলে তিনি উপজেলার গৌরীপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদনগর ট্রমা সেন্টার পরিদর্শনে করেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বর্তমান সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের পুত্র।

​হাসপাতাল চত্বরে ড. খন্দকার মারুফ হোসেন স্বাস্থ্যমন্ত্রীকে জানান, বিএনপি সরকারের আমলে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের উদ্যোগে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন নির্মাণ, চিকিৎসা সরঞ্জাম সংযোজন ও ব্যাপক সংস্কার কাজ করা হয়েছিল। এছাড়া ২০০৬ সালের ৮ অক্টোবর শহীদনগরে ট্রমা সেন্টার নির্মাণ করা হয় এবং সেখানে প্রয়োজনীয় জনবলও নিয়োগ দেওয়া হয়েছিল।

​ড. খন্দকার মারুফ হোসেন অভিযোগ করে বলেন,পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ট্রমা সেন্টারটি কার্যত বন্ধ করে দেয়। এমনকি সাবেক স্বাস্থ্যমন্ত্রীর নামসংবলিত উদ্বোধনী ফলকও সরিয়ে ফেলা হয়। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ এই স্থানে ট্রমা সেন্টার নির্মিত হলেও গত ১৭ বছরে দুর্ঘটনায় আহত রোগীরা এর সুফল থেকে বঞ্চিত হয়েছেন।তিনি বৃহত্তর জনস্বার্থে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন এবং শহীদনগর ট্রমা সেন্টার দ্রুত চালুর জন্য মন্ত্রীর কাছে জোর অনুরোধ জানান।

​পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল মুঠোফোনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় মন্ত্রী বলেন, “এই দুইটি হাসপাতালসহ আপনার যে কোনো কাজ গুরুত্ব দিয়ে করা হবে।

​এ সময় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন এবং শহীদনগর ট্রমা সেন্টার দ্রুত চালুর দাবি জানিয়েছেন বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সর্বস্তরের মানুষ।

​স্থানীয়দের দাবির মুখে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল দুটি বড় ঘোষণা দেন, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত পুরোনো ভবন ভেঙে সেখানে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে।শহীদনগর ট্রমা সেন্টারকে আধুনিক চিকিৎসা সরঞ্জামে সজ্জিত করে আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।

​পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন— দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, দাউদকান্দি মডেল থানার ওসি এম এ বারী, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম,কুমিল্লা উওর জেলার আহবায়ক আসিফ কবির, দাউদকান্দি উপজেলা ছাএদলের আহবায়ক আব্দুল বাছেদ সহ স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।