দাউদকান্দিতে শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত দোকানি গ্রেপ্তার, আদালতে প্রেরণ দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২৬ দাউদকান্দিতে শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত দোকানি গ্রেপ্তার, আদালতে প্রেরণ দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে দোকানে চিপস কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার হয়েছে ১২ বছরের এক শিশু। এই ঘটনায় অভিযুক্ত দোকানদার দেলোয়ার হোসেনকে (৪৩) গ্রেপ্তার করেছে দাউদকান্দি থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত রবিবার (২৪ মে) বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালাসোনা বাজারের গরুর হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন উপজেলার উত্তর বায়নগর গ্রামের মৃত আব্দুল খালেক ভূইয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি দেলোয়ার হোসেনের দোকানে চিপস কিনতে গিয়েছিল। সে সময় দোকানি দেলোয়ার কৌশলে শিশুটিকে ডেকে দোকানের ভেতর নিয়ে যায় এবং চটজলদি দোকানের শাটার বন্ধ করে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত অভিযানে নামে। দাউদকান্দি থানা পুলিশ জানায়, ঘটনার পর থেকেই আসামি আত্মগোপনের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে কালাসোনা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। SHARES অপরাধ বিষয়: