জাজিরা থানার ওসি সালেহ আহমেদ ‘আইজিপি ব্যাজ’–এ ভূষিত

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, মে ১২, ২০২৬

জাজিরা থানার ওসি সালেহ আহমেদ ‘আইজিপি ব্যাজ’–এ ভূষিত

নুরুল হক |১২ মে ২০২৬
পেশাগত দক্ষতা, সততা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা ‘আইজিপি এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫’ অর্জন করেছেন জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহমেদ। পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এই মর্যাদাপূর্ণ ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সালেহ আহমেদ জাজিরা থানায় যোগদানের পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন করেছেন। মাদক নির্মূল, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার, পরোয়ানা তামিল এবং সাধারণ মানুষকে পুলিশি সেবা প্রদানে তাঁর ভূমিকা জেলাজুড়ে প্রশংসিত হয়েছে। বিশেষ করে চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন এবং সামাজিক বিবাদ মীমাংসায় তাঁর গৃহীত পদক্ষেপগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজর কেড়েছে।
আইজিপি ব্যাজ প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় ওসি সালেহ আহমেদ বলেন, “যেকোনো স্বীকৃতি কাজের প্রতি উৎসাহ ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। এই সম্মাননা আমার একার নয়, এটি জাজিরা থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফল। জনগণের আস্থা বজায় রেখে জাজিরাকে একটি নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর পুলিশ সপ্তাহে কর্মকর্তাদের এই ব্যাজ প্রদান করা হয়। সালেহ আহমেদের এই সাফল্যে শরীয়তপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় সুধীজন তাঁকে অভিনন্দন জানিয়েছেন।