দাউদকান্দিতে অটোরিকশা চালকের মোবাইল ছিনতাই: দুই ছিনতাইকারী আটক

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৬

দাউদকান্দিতে অটোরিকশা চালকের মোবাইল ছিনতাই: দুই ছিনতাইকারী আটক।

রাসেল সুমন,দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে এক অটোরিকশা চালকের মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১১ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের গৌরীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো— দাউদকান্দি থানার মারুকা গ্রামের জাকির হোসেনের ছেলে মো. রিপন (২২) এবং শ্রীমতিপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে জুয়েল (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গৌরীপুর বাজার এলাকায় এক অটোরিকশা চালকের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল ওই দুই তরুণ। এসময় সেখানে দায়িত্বরত দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ সদস্যরা স্থানীয় জনতাকে সাথে নিয়ে ধাওয়া করে তাদের আটক করেন। আটককালে তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাইওয়ে থানা পুলিশ আটককৃতদের দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করেছে।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রীয়াধীন রয়েছে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরণের তৎপরতা অব্যাহত থাকবে।