দাউদকান্দিতে ৪০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী গ্রেফতার

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, মে ২, ২০২৬
দাউদকান্দিতে ৪০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী গ্রেফতার
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে যাত্রাবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ ফাতেমা (৫০) নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ফাতেমা কক্সবাজারের টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ আমিনের স্ত্রী।
পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আঃ বারীর নির্দেশনায় এসআই আবুল কাওসার সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা সংলগ্ন এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিলেন। বিকেল পৌনে ৪টার দিকে ঢাকাগামী একটি যাত্রাবাহী বাস চেকপোস্টে থামানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী ছোট একটি শিশুসহ বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে নারী পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। আটককৃতের হাতে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. আঃ বারী জানান, গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২ মে) তাকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।