কুমিল্লায় ডিবির অভিযানে প্রায় ১৫ কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬

কুমিল্লায় ডিবির অভিযানে প্রায় ১৫ কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৩ লাখ পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি, কুমিল্লার একটি বিশেষ আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকা থেকে মাদকের চালান বহনকারী একটি গাড়িকে অনুসরণ করে। পরে কুমিল্লা কোতোয়ালী থানাধীন ঝাগরঝুলি এলাকার কৃষ্ণনগর এলাকায় গাড়িটি আটক করা হয়।
পুলিশ জানায়, গাড়িতে তল্লাশি চালিয়ে একটি নীল রঙের লাগেজের ভেতরে বিশেষ কায়দায় রাখা ৩০টি ইট সদৃশ্য প্লাস্টিকের প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটের ভেতরে একাধিক ছোট প্যাকেট এবং জিপারযুক্ত বায়ুরোধক প্যাকেটে ইয়াবা রাখা ছিল। গণনা শেষে মোট ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন কক্সবাজারের চকরিয়া থানার সর্ণফুল ক্লাব এলাকার আলী আকবরের ছেলে মো. ফয়সাল (২৫) এবং ফুলতলা এলাকার মৃত সাকের আহম্মদের ছেলে আমান উল্লাহ (৩৫)।
ডিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা গতকাল রাতে কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। রাতে চট্টগ্রামে পৌঁছে সেখানে অবস্থান করার পর সোমবার সকালে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথে কুমিল্লায় ডিবির অভিযানে চালানসহ তারা আটক হন।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানে ৩ লাখ পিস ইয়াবার পাশাপাশি ঢাকা-মেট্রো-ঘ-১৩-৯৬৬৬ রেজিস্ট্রেশন নম্বরের একটি Land Cruiser Prado গাড়ি জব্দ করা হয়েছে।
একসঙ্গে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে এটি বড় ধরনের সাফল্য বলে মনে করছে সংশ্লিষ্টরা। বিপুল এই চালান কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।