দাউদকান্দিতে রাত ৮টার পর দোকান খোলা রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬

দাউদকান্দিতে রাত ৮টার পর দোকান খোলা রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

​দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা বাস্তবায়নে কুমিল্লার দাউদকান্দি বাজারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৭ আগস্ট) রাত ৮টা ১০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নির্ধারিত সময়সীমা অমান্য করায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখা বাধ্যতামূলক। এই সিদ্ধান্ত কার্যকর করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব), সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাহিদ আহমেদের নেতৃত্বে দাউদকান্দি বাজারে সমন্বিত অভিযান চালানো হয়।

​অভিযানকালে বাজার এলাকার বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়ীদের সরকারি নিয়ম সম্পর্কে সতর্ক করা হয়। এ সময় নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় মা টেলিকম প্রতিষ্ঠানকে দুই হাজার ও এপেক্স শোরুমকে একহাজার টাকা জরিমানা করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব),সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাহিদ আহমেদ জানান, জাতীয় বিদ্যুৎ সাশ্রয় নীতি বাস্তবায়নে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সব ব্যবসায়ীকে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

​উল্লেখ্য, সরকারি নির্দেশনায় হাসপাতাল, ফার্মেসি ও অন্যান্য জরুরি সেবামূলক প্রতিষ্ঠানকে এই নৈশকালীন বাধ্যবাধকতা থেকে মুক্ত রাখা হয়েছে।