দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: আগ্নেয়াস্ত্র, গুলিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ গ্রেফতার ১০

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬

দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: আগ্নেয়াস্ত্র, গুলিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ গ্রেফতার ১০

​দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, ম্যাগাজিন, গুলিসহ মোট ১০ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে অস্ত্রধারী, ডাকাতি ও চুরি মামলার আসামী, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী রয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ সাজেদুল ইসলামের দিক-নির্দেশনা ও নেতৃত্বে এসআই রেজোয়ানুল ইসলাম, এসআই রবিউল ইসলাম, এসআই মোহাম্মদ রেজাউল, এএসআই সঞ্জয় কুমার প্রমাণিক ও এএসআই সাজ্জাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন।

​অভিযানকালে পুলিশ ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী আসামী রাসেল মিয়াকে (৩৪) গ্রেফতার করে। এছাড়া ডাকাতি মামলায় ৫ জন—মোঃ আবুল কালাম (৩২), মোঃ শাহপীর (৪১), মোঃ বোরহান হোসেন (২০), মোঃ ফারুক (৩৯) ও মোঃ ইব্রাহিম খলিল প্রকাশ তালাশী (৪১) এবং চুরি মামলায় মোঃ হোসেন (২২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।

​একই অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সদস্য মোঃ কামাল হোসেন (৪৪) এবং দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ বাবুলকে (৪১) গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি শিপন মিয়া (২৮) নামের এক গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকেও আটক করা হয়।

​গ্রেফতারকৃত সকল আসামীকে পৃথক পৃথক মামলায় সাজা ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দাউদকান্দি মডেল থানার ওসি জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।