মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে দাউদকান্দিতে শিক্ষক গ্রেপ্তার দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২৬ মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে দাউদকান্দিতে শিক্ষক গ্রেপ্তার দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ১৫ বছর বয়সী এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাঞ্জুল হাসান নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলার গৌরীপুর কাশিফুল উলুম মাদরাসা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাঞ্জুল হাসান চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানার কুমুরুয়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত শিক্ষক ও ভুক্তভোগী শিক্ষার্থী উভয়েই গৌরীপুর কাশিফুল উলুম মাদরাসায় অবস্থান করতেন। গত ১৫ জুলাই রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ওই ছাত্র নিজ কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় শিক্ষক মাঞ্জুল হাসান সুকৌশলে তাকে নিজ রুমে নিয়ে বলাৎকার করেন। পরে ঘটনাটি কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এই ঘটনার পর ভুক্তভোগী শিশুটি চরম মানসিক ট্রমার মধ্যে দিন কাটাচ্ছিল। নির্যাতনের তীব্রতায় অতিষ্ঠ হয়ে গত ২০ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে সে মাদরাসায় আত্মহত্যার চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ পরিবারকে খবর দিলে শিশুটি তার স্বজনদের কাছে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার বিস্তারিত খুলে বলে। ভুক্তভোগীর মা জানান, “আমার ১৫ বছর বয়সী নাবালক ছেলে চরম মানসিক ট্রমার মধ্যে ছিল এবং ভয়ে ঘটনাটি গোপন রেখেছিল। বিবাদীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে আত্মহত্যার চেষ্টা করলে আমরা পুরো ঘটনা জানতে পারি এবং পুলিশকে অবহিত করি।” এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম জানান, ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। SHARES অপরাধ বিষয়: