ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে নাশকতা ও অপরাধবিরোধী পুলিশের বিশেষ মোটর শোভাযাত্রা, মহাসড়কে নিরাপত্তা জোরদার দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে নাশকতা ও অপরাধবিরোধী পুলিশের বিশেষ মোটর শোভাযাত্রা, মহাসড়কে নিরাপত্তা জোরদারচ নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি: নাশকতা, বিশৃঙ্খলা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটর শোভাযাত্রা করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। শনিবার (১৫ আগস্ট ২০২৬) দাউদকান্দি মডেল থানার উদ্যোগে আয়োজিত এ মোটর শোভাযাত্রা দাউদকান্দি পৌরসদর থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রদক্ষিণ করে। কুমিল্লা জেলার পুলিশ সুপার এবং দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমানের দিকনির্দেশনায় দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়। মোটর শোভাযাত্রায় দাউদকান্দি মডেল থানা ও গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। শোভাযাত্রাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয় এবং নাশকতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের তৎপরতা জোরদারের বার্তা দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মহাসড়কে জননিরাপত্তা নিশ্চিত করা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিতভাবে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের এ ধরনের কার্যক্রমে মহাসড়ককেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের দৃশ্যমান উপস্থিতি আরও জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। SHARES অপরাধ বিষয়: