দাউদকান্দিতে অজ্ঞান পার্টির খপ্পরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা: টাকা ও মোবাইল লুট দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬ দাউদকান্দিতে অজ্ঞান পার্টির খপ্পরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা: টাকা ও মোবাইল লুট দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নগদ টাকা ও মোবাইল ফোন হারিয়েছেন কবির হোসেন নামে এক ব্যাংক কর্মকর্তা। তিনি দাউদকান্দি পল্লী সঞ্চয় ব্যাংকে মাঠ সহকারী পদে কর্মরত আছেন। ঘটনার বিবরণী ও দাউদকান্দি থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট ২০২৬ দুপুর ১২টার দিকে কবির হোসেন গৌরীপুর এলাকা থেকে ‘পাপিয়া’ নামক একটি বাসে উঠে দাউদকান্দি পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্দেশ্যে রওনা হন। যাত্রাপথে বাসেই অজ্ঞাতনামা কয়েকজন অজ্ঞান পার্টির সদস্য কৌশলে তাকে অচেতন করে ফেলে। পরবর্তীতে তার কাছে থাকা নগদ ২ লাখ ২০ হাজার টাকা, বিকাশ অ্যাকাউন্টে থাকা ১৭ হাজার টাকা এবং ব্যবহৃত মোবাইল ফোনটি লুট করে চম্পট দেয় চক্রটি। পরে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দাউদকান্দি অ্যাপোলো হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে এসে তার শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে প্রথমে গৌরীপুর সরকারি হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর বোন রাবেয়া আক্তার বাদী হয়ে দাউদকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত ভাইয়ের চিকিৎসা প্রদান ও পারিবারিক ব্যস্ততার কারণে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। দাউদকান্দি থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত অজ্ঞান পার্টির সদস্যদের শনাক্ত করতে এবং লুট হওয়া টাকা ও মোবাইল উদ্ধার করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। SHARES অপরাধ বিষয়: