দাউদকান্দি টোল প্লাজায় কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ১, প্রাইভেট কার জব্দ

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৬

দাউদকান্দি টোল প্লাজায় কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ১, প্রাইভেট কার জব্দ

রাসেল সুমন, দাউদকান্দি কুমিল্লা:

কুমিল্লার দাউদকান্দিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি প্রাইভেট কারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দকৃত এই ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

​শুক্রবার (২৪ জুলাই, ২০২৬) দাউদকান্দি পৌরসভাধীন দক্ষিণ সতানন্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজার ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে এই সফল অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার পুলিশ সুপার এবং দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মো: খলিলুর রহমানের দিক-নির্দেশনায় এবং দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) আরিফুর রহমান ও সঙ্গীয় ফোর্স এই অভিযান চালান।

​রাত আনুমানিক ১:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে একটি সন্দেহভাজন নীল রঙের টয়োটা প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-৩১-৭৫১৮) আটক করা হয়। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে চালকের আসন ও পেছনের অংশে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭টি বান্ডেল উদ্ধার করা হয়। প্রতিটি বান্ডেলে বিশেষ কায়দায় মোড়ানো ৭০,০০০ পিস (যার মোট ওজন প্রায় ৭ কেজি) ইয়াবা উদ্ধার করা হয়। দুপুর ১:৪৫ ঘটিকায় মাদক ও গাড়িটি আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয়।

মোঃ রুবেল (২৯), পিতা- আইয়ুব, মাতা- রেহেনা বেগম। তিনি ঢাকার মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পের (হোল্ডিং নং-৪৬৪/জি) বাসিন্দা।

গ্রেফতারকৃত চালক রুবেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে কক্সবাজার ও চট্টগ্রাম সীমান্ত এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিল।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।