দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা, গাঁজা ও প্রাইভেটকারসহ গ্রেফতার ৭

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬

দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা, গাঁজা ও প্রাইভেটকারসহ গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি | ৩০ জুলাই ২০২৬

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে মোট ৪ হাজার ৬২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ দশমিক ৫ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক মামলায় ২ জন, ডাকাতি মামলার ৩ জন এবং সিআর ও জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২ জনসহ সর্বমোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় পরিচালিত এসব অভিযানে এসআই (নিঃ) মিনহাজুল ইসলাম, এসআই (নিঃ) রিজোয়ানুল ইসলাম, এএসআই (নিঃ) সেলিম মিয়া ও এএসআই (নিঃ) সুজন কান্তি মিয়া সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।

পুলিশ জানায়, ২৯ জুলাই রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা অভিমুখী সড়কে অভিযান চালিয়ে ৩ হাজার ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭ দশমিক ৫ কেজি গাঁজাসহ হৃদয় হোসেন (২৬) ও তাসলিমা (২৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি কুমিল্লা কোতোয়ালী থানার বিবিরবাজার এলাকার অরণ্যপুর গ্রামে।

এদিকে, ৩০ জুলাই ভোর ৫টা ৫০ মিনিটে মেঘনা-গোমতী সেতুর নতুন টোলপ্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা অভিমুখী লেনে অভিযান চালিয়ে আরও ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে, একই দিন রাত সাড়ে ৩টার দিকে গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার তিন আসামি জাকির হোসেন রানা (৩৯), দুলাল শরিফ (৪৬) ও রুবেল মিয়া (৩৮)-কে গ্রেফতার করে পুলিশ।

এ ছাড়া, পৃথক অভিযানে জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. হাবিব (৩৮)-কে শহীদনগর এলাকা থেকে এবং সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোসা. পরুশাকে মারুকা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।