দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ৪ জন গ্রেফতার দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৬ দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ৪ জন গ্রেফতার। মাদক কারবারি, নিয়মিত মামলার আসামি ও দুই পরোয়ানাভুক্ত আসামিকে আদালতে প্রেরণ। নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি | কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি, একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত এক আসামি এবং সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় গত ২৮ ও ২৯ জুলাই থানার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব আসামিকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ২৮ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে এসআই (নিঃ) আবুল কাওসার সঙ্গীয় ফোর্সসহ গৌরীপুর ইউনিয়নের দক্ষিণ পেন্নাই এলাকায় মেসার্স গৌরীপুর আইস অ্যান্ড কোল্ড স্টোর প্রা. লি.-এর সামনে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রোকন উদ্দিন রুকু (৪৬)-কে গ্রেফতার করেন। তার বাড়ি দৌলতপুর ইউনিয়নের দক্ষিণ নারানদিয়া এলাকায়। একই দিন রাত ১১টা ১০ মিনিটে এসআই (নিঃ) আরিফুর রহমান দৌলতপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি জজ মিয়া প্রধান (৫৪)-কে গ্রেফতার করেন। এদিকে, ২৯ জুলাই রাত ১টা ৩০ মিনিটে এসআই (নিঃ) রবিউল ইসলাম পাঁচগাছিয়া এলাকার শ্রীকান্তদি থেকে সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. মুক্তার হোসাইন-কে গ্রেফতার করেন। একই রাতে রাত ২টা ৩০ মিনিটে এএসআই (নিঃ) মাহবুবুল সঙ্গীয় ফোর্সসহ সায়েস্তানগর এলাকায় অভিযান চালিয়ে সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জিয়াস মিন (৩৯)-কে গ্রেফতার করেন। দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত চার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে থানা পুলিশ। SHARES অপরাধ বিষয়: