দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা-ইয়াবাসহ ১১ জন গ্রেফতার, পিকআপ জব্দ

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৬

দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা-ইয়াবাসহ ১১ জন গ্রেফতার, পিকআপ জব্দ

​রাসেল সুমন||

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ মোট ১১ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৪৭ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী, ১টি হত্যা মামলার ৪ জন এজাহারনামীয় আসামি, ডাকাতি মামলার ৩ জন আসামি এবং সাজাপ্রাপ্তসহ ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে। আজ ১৪ জুলাই (মঙ্গলবার) আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ সাজেদুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় থানা এলাকার বিভিন্ন স্থানে এই সফল অভিযানগুলো পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আজ ১৪ জুলাই বেলা ১১:৩০ ঘটিকায় দাউদকান্দি মডেল থানার এসআই (নিঃ) আবুল কাওসার সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর দাউদকান্দি প্রান্তে বিশেষ ডিউটি করার সময় ঢাকামুখী লেন থেকে মোঃ নুর আলম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৪৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডাবল কেবিন পিকআপ গাড়ি জব্দ করা হয়। গ্রেফতারকৃত নুর আলমের বাড়ি পটুয়াখালী সদর এলাকায়।

গত ১৩ জুলাই বিকেল ৪:৩০ ঘটিকায় দাউদকান্দি মডেল থানার এসআই (নিঃ) মোঃ রেজোয়ানুল ইসলাম গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় এক ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযানে দাউদকান্দির কুশিয়ারা গ্রামের একটি হত্যা মামলার এজাহারনামীয় ৪ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৯), নূর মোহাম্মদ বাবু (১৯), মোছাঃ শাহনারা বেগম (৫৪) এবং মোঃ হানিফ (৭০)।

​আজ ১৪ জুলাই ভোররাত ৩:৩০ ঘটিকায় এসআই (নিঃ) মিনহাজুল ইসলাম গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে একটি নিয়মিত ডাকাতি মামলার ৩ আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন—সাফিন (২২), মোঃ ফাহাদ (২৪) এবং সাকিল (২২)।

এর আগে ১৩ জুলাই রাত ১১:৩০ ঘটিকায় মারুকা ইউনিয়নের দক্ষিণ মারুকা এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ মোঃ সিয়াম হোসেন মানিক (২৫) নামে চাঁদপুরের এক যুবককে গ্রেফতার করেন এসআই (নিঃ) কমল কৃষ্ণ।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ সামসুল আলম এবং এএসআই (নিঃ) সজল কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল আজ সকাল ১১:৩০ ঘটিকায় মুন্সিগঞ্জের গজারিয়া থানার ভবেরচর বাজারে অভিযান চালায়। সেখান থেকে ০৬ মাসের সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি সালমা বেগম এবং সিআর পরোয়ানাভুক্ত অপর আসামি মোঃ খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়।

​দাউদকান্দি মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।